
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া আরও ২ শিশুসহ মোট ১২ জন মারা গেছে। এই সময়ে নতুন করে আরও ৯৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৩৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
মৃত্যুর ক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্যদিকে, ঢাকা ও ময়মনসিংহে ১ জন করে মোট ২ জন মারা গেছেন, যারা ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম ভাইরাসের উপস্থিতি মিলেছে। এই সময়ে সন্দেহজনক হামে মোট ১১৩ জন এবং নিশ্চিতভাবে হামে ১৭ জনসহ সর্বমোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে হাসপাতালগুলোতে রোগীদের চাপ বাড়ছে; গত ২১ দিনে ৫ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩ হাজার ৩৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।