সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ জুন) পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে আবেগঘন বার্তা প্রকাশ করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা।
পোস্টে তিনি লেখেন, দীর্ঘ আত্মসমালোচনার পর তারা দুজন পারস্পরিক সম্মতিতে বৈবাহিক সম্পর্কের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন। এই সংবাদ অনেকের কাছে কষ্ট বা বিস্ময়ের জন্ম দিতে পারে, তবে ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান রেখেই তারা চান খবরটি সরাসরি তাদের কাছ থেকেই সবাই জানুক।
সুষমা রেজা জানান, অল্প বয়সে শুরু হওয়া তাদের পথচলা প্রায় দুই দশক ধরে চলেছে। এই সময়ে তারা পরিবার গড়েছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের অসংখ্য সুখ–দুঃখ ভাগ করে নিয়েছেন। তবে সময়ের সঙ্গে সম্পর্কের পরিবর্তন উপলব্ধি করে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই তাদের কাছে সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত মনে হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী সম্পর্কের মতোই তাদের সম্পর্কেও ছিল আনন্দ, সংগ্রাম ও সীমাবদ্ধতা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মুহূর্তগুলো নিখুঁত সম্পর্কের ছবি নয়, বরং জীবনের সত্যিকারের কিছু মুহূর্ত। পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়ার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিনি অনুরোধ জানান, এই ব্যক্তিগত ঘটনাকে অনুমান, গুজব বা বিচার-বিশ্লেষণের বিষয় না করতে। বিশেষ করে সন্তান ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সামনে এ নিয়ে আলোচনা না করার আহ্বান জানান।
প্রায় ২০ বছরের অধ্যায়ের সমাপ্তি টেনে তারা নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছেন সম্মান, কৃতজ্ঞতা ও শান্ত গ্রহণযোগ্যতা নিয়ে। বিদায়ের আগে সুষমা রেজা লেখেন, “নিজের পরিবারকে সময় দিন, প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন। জীবন খুবই ভঙ্গুর। আজকের সাধারণ মুহূর্তগুলোই আগামী দিনের সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হতে পারে।”


