খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতী দল নেতা মো. সোনামিয়া নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনামিয়া স্থানীয় বাসিন্দা জব্বার সরদারের ছেলে এবং নয়াবাটি এলাকায় একটি ভ্যারাইটিস স্টোর পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাত ১২টার পর মোটরসাইকেলে আসা তিন যুবক তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সোনামিয়ার ডান হাতের বাহুতে দু’টি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন।
খালিশপুর থানা পুলিশের এসআই পলাশ কুমার রায় জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে স্থানীয়রা সোনামিয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, হামলার পর সোনামিয়া দোকান ছেড়ে পাশের একটি গোডাউনে আশ্রয় নেন। সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহত সোনামিয়া খালিশপুরের ১০নং ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


