ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন নতুন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি জন্ম নেওয়া লিংকন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অল্প বয়সেই স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং ধীরে ধীরে নিজ এলাকায় রাজনৈতিক অবস্থান শক্ত করেন।
এর আগে ২০০৬ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন লিংকন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকারকে ২ হাজার ১১২ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন তিনি। গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে এবারের নির্বাচনে বিএনপির একমাত্র বিজয়ী প্রার্থী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছেন লিংকন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, জানা-অজানা অসংখ্য মানুষের দু’আ, অশ্রু ও চেষ্টার ফলাফল।”


