ভারতের উত্তরপ্রদেশে এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মাওলানা তৌসিফ রেজা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত ২৭ এপ্রিল বেরিল্লিতে এ ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ধারণা করেছিল, ট্রেন থেকে পড়ে গিয়ে তৌসিফের মৃত্যু হয়েছে। তবে পরে প্রকাশিত একটি অডিও ক্লিপে জানা যায়, ট্রেনের ভেতরে তাকে নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছিল।
তৌসিফের পরিবার ফোনে রেকর্ড করা ওই অডিও প্রকাশ করেছে। এতে শোনা যায়, তিনি স্ত্রী তাবাসসুমকে বলছেন— ট্রেনে কিছু লোক তাকে হেনস্তা করছে এবং চুরির অপবাদ দিয়ে নির্যাতন করছে। তিনি জানান, এ বিষয়ে পুলিশকে অবহিত করবেন।
তাবাসসুম এক ভিডিও বার্তায় বলেন, তার স্বামী ফোনে জানিয়েছিলেন, কিছু লোক তাকে হেনস্তা করছে। তিনি অন্য যাত্রীদের কাছ থেকে সহায়তা নিতে বললেও তৌসিফ জানান, তাকে চুরির অভিযোগে মারধর করা হচ্ছে।
প্রথমে পুলিশ পরিবারকে জানিয়েছিল, তৌসিফ লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। তবে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
তৌসিফের চাচা বলেন, “আমাদের ধারণা, ট্রেনের ভেতরে নির্যাতনের পর তাকে বাইরে ফেলে দেওয়া হয়েছে।”
পরিবার জানিয়েছে, তারা রোববার (৩ মে) এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করবে।


