
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রোববার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিল ফারহান মিয়াকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ রাত প্রায় ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি আটকানো হয়। অভিযোগ রয়েছে, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়িটির গতিরোধ করে এবং জোরপূর্বক প্রায় ১৬০টি লেয়ার মুরগি ছিনিয়ে নেয়।
এ সময় গাড়ির চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়। খবর পেয়ে কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে তার মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয়। তবে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ছিনতাই হওয়া মুরগিগুলো উদ্ধার করা যায়নি। এ ঘটনায় ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তার পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় শাকিল ফারহান মিয়াকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।"
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল ফারহান মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"