ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও বোন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকার জন্য অনলাইনে কেনা ছুরি দিয়ে রাফি (২২) নামের যুবক প্রথমে তার মা লাকী আক্তারকে (৫৫) আঘাত করে। মাকে বাঁচাতে এগিয়ে আসা বোন মিথিলা ভূঁইয়া (১৮) ও পরে বাবা মোস্তফা ভূঁইয়া (৬৫) ছুরিকাঘাতে আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লাকী আক্তার মারা যান। গুরুতর আহত মোস্তফা ভূঁইয়া ও আলিম শিক্ষার্থী মিথিলা ভূঁইয়াকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ রাতেই ঘাতক রাফিকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


