গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় একটি রেস্টুরেন্টের বাবুর্চি আমির হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ব্রিজের পাশে খেলছিল। এসময় ‘মিনি জাফলং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বাবুর্চি কৌশলে তাকে হোটেলের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি কোনোভাবে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের বিষয়টি জানায়।
খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে হোটেলের ভেতরে অবরুদ্ধ করে রাখে। প্রথমে সদর থানা পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করলেও জনতার প্রতিরোধে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন এবং আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন। এরপর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তবে অভিযুক্তকে থানায় নেওয়ার পর জনতার ক্ষোভ আরও বাড়ে। উত্তেজিত জনতা ‘মিনি জাফলং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে পুরো রেস্টুরেন্ট পুড়ে যায়।
গাইবান্ধা সদর থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


