গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে একই এলাকার ইউপি সদস্য জলিল ও তার সহযোগীদের জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান কফিল উদ্দিন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, হত্যাকাণ্ডের পর হরিপুর গ্রাম ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


