নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নেশার টাকার জন্য ছেলের ছুরিকাঘাতে সাজেদা বেগম (৫৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় রাজন নামের এক যুবক নেশার জন্য মায়ের কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে।
এতে গুরুতর আহত অবস্থায় সাজেদা বেগমকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও নেশাজনিত কারণে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলে রাজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


