
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
নেত্রকোনায় পায়ে ধাক্কা লাগায় ৩ বছরের ভাতিজাকে গলা কেটে হত্যা করল চাচি
যুবতারা ডেস্কঃ|অপরাধ
৪ এপ্রিল ২০২৬, ০৭:০৬

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অঙ্কিত বর্মন (৩) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তার চাচি ফুলরানি বর্মণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনার সময় ফুলরানি বর্মণের সন্তানদের সঙ্গে শিশু অঙ্কিতের কথা কাটাকাটি চলছিল। একপর্যায়ে অঙ্কিত তার চাচির পায়ে ধাক্কা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে পাশের একটি কক্ষে নিয়ে যান এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
নিহত অঙ্কিত উপজেলার বরান্তর গ্রামের বাসিন্দা সাগর বর্মনের ছেলে। তার বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। কয়েক দিন আগে অঙ্কিত তার দাদির সঙ্গে গ্রামের বাড়িতে আসে।
সোমবার দুপুরে খেলার সময় শিশুটিকে গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ তদন্তের অংশ হিসেবে চারজনকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত ফুলরানি বর্মণ, তার স্বামী লিটন বর্মণ, ভাশুর রাজন চন্দ্র বর্মণ এবং আত্মীয় সুকুমার বর্মণ ও তার স্ত্রী মায়ারানি বর্মণ।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার আদালত আটক চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৬:৩৮ PM